রাজশাহীর বাঘায় মাইক্রোবাসের চাপায় মিনহাজুল ইসলাম (৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজুল ইসলাম মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং মীরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর মিনহাজুল ইসলাম সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে মীরগঞ্জ মোড়ে পৌঁছালে বাঘা থেকে চারঘাটগামী একটি সাদা রঙের দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মাইক্রোবাসটি চারঘাট সিনেমা হল মোড় এলাকা থেকে আটক করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এএইচএ/এসআর