রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে দাদীর সঙ্গে দোকানে বিস্কুট কিনতে যাওয়ার পথে ইজিবাইকের চাপায় রুহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রুহান উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের মো. সাত্তার মৃধার ছেলে।
বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম।
নিহতের চাচা শাকিব মোল্লা জানান, মঙ্গলবার বিকেলে রুহান তার দাদী আনোয়ারা বেগমের সঙ্গে বাড়ির পাশের একটি দোকানে বিস্কুট কিনতে যাচ্ছিল। পথে তারা তোরাপ আলী জামে মসজিদের সামনে পাকা সড়কে পৌঁছালে রুহান হঠাৎ দাদীর হাত ছেড়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে যায়। এ সময় গোয়ালন্দ বাজার থেকে আতর চেয়ারম্যানের বাড়ির দিকে যাওয়ার পথে একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুহানকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ইজিবাইক ও এর চালকের বিরুদ্ধে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
এসআই/এসআর