একদিনের সরকারি সফরে আগামী ১৩ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন।
মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ১৩ জুন শনিবার সকাল ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। সকাল সাড়ে ১০টায় তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ সময় তিনি একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।
পরে সকাল ১১টা ১৫ মিনিটে তিনি সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১২টায় সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন।
দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুপুর দেড়টায় সেখান থেকে রওনা দিয়ে প্রধানমন্ত্রী দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন।
জোহরের নামাজ আদায়ের পর বিকেল ৩টায় তিনি পেকুয়ার সাঈদ ম্যানশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
বিকেল সাড়ে ৩টায় পেকুয়া থেকে রওনা হয়ে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জনসভা শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন।
একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব মো. ছাফওয়ানুল করিম জানান, সফরের সার্বিক প্রস্তুতি তদারক করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১১ জুন কক্সবাজারে আসবেন।
এছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী, পাঁচজন সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ১২ জুন কক্সবাজারে পৌঁছাবেন।
এএইচএসইউ/এসআর