সাম্প্রতিক সময়ে পর্যটন নগরী ভোলার চরফ্যাশন শহরের বিভিন্ন সড়কে প্রতিদিন যানজট, ফুটপাত ও ড্রেন ভ্রাম্যমাণ হকার, অবৈধ দোকানপাট এবং অনিয়ন্ত্রিত পরিবহনের দখলে চলে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আর এই যানজট নিয়ন্ত্রণে অবৈধ দোকান উচ্ছেদ, সড়ক প্রশস্ত করার বিষয়ে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম কঠোর নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনা অনুযায়ী, চরফ্যাশন উপজেলা প্রশাসন অবৈধ ভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে জোরালো পদক্ষেপ নিয়েছে। কিন্তু কতিপয় অসাধু রাজনৈতিক লোকের কারণে চরফ্যাশন পৌর শহরের সড়ক ও ড্রেন দখলমুক্তকরণের সুফল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন পৌর শহরবাসী।
সরকারি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাট-বাজার ইজারা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকান বসিয়ে অর্থ আদায়ের একটি চক্র সক্রিয় ছিল। এর ফলে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল এবং পৌর শহর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরফ্যাশন শহরের সদর রোড, বটতলা, জ্যাকব এভিনিউ, চালপট্টি, গ্রীন রোডসহ প্রায় সকল গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে ব্যাঙের ছাতার মত বসানো হচ্ছে শত শত অবৈধ দোকান। অন্যদিকে রাস্তার দুই পাশের ফুটপাত ব্যবসায়ীরা দখল করে তাদের মালামাল রাখার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
মজার ব্যাপার হলো- এই রাস্তার ফুটপাতের উপর দোকানগুলো চালায় কতিপয় অসাধু রাজনৈতিক লোকেরা। শুধু অবৈধ দোকান বসিয়ে বা ফুটপাত দখলেই শেষ নয়, চরফ্যাশন টিবি স্কুল থেকে শরীফ পাড়া পর্যন্ত রিকশা, মোটরসাইকেল, বোরাক, সিএনজি, মাইক্রোবাস, ট্রাক ও নসিমন-করিমন সমিতির মাধ্যমে দখল হয়ে আছে শহরের প্রধান সড়ক। সদর রোডে এই অবস্থায় সীমাহীন দুর্ভোগ ও যানজট লেগেই থাকে সব সময়।
চরফ্যাশন পৌরসভার ১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কামারুজ্জামান শাহিন বলেন, 'অসংখ্যবার আমরা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে ফুটপাত চলাচলের উপযোগী করেছি। কিন্তু দেখা যায়- কিছুদিন পর আবার তারা ফুটপাত দখল করে বসে আছে এটা অত্যন্ত দুঃখজনক।'
চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক বিএনপি মনোনীত পৌর মেয়র প্রার্থী শিকদার হুমায়ুন কবির বলেন, 'পর্যটন নগরী চরফ্যাশনের সৌন্দর্য রক্ষায় যানজট নিরসনসহ সব ধরনের নাগরিক সুবিধার স্বার্থে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর পর্যটন নগরী করার চেষ্টা চালাচ্ছি।আশা করি আমাদের এ যাত্রায় ব্যবসায়ী, পৌরবাসী, উপজেলা প্রশাসনসহ সকলের ঐকান্তিক সমর্থন ও সহযোগিতা থাকবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, 'চরফ্যাশন উপজেলার প্রত্যকটি বাজার ফুটপাতমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে কাউকে ছাড় দেয়া হবে না। যদি কাউকে এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত পাওয়া যায় তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা
অতি দ্রুত ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং যানজটমুক্ত চরফ্যাশন পৌর শহর গড়ে তুলবো।'
এসএফ/এমএ