ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক পুশইন ঠেকাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি এলাকার স্থানীয় লোকদের সচেতন করতে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করা হচ্ছে।
রোববার দিবাগত রাত থেকে উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির এই বাড়তি তৎপরতা দেখা গেছে।
বিজিবি সূত্র জানায়, ভারতের সঙ্গে সুনামগঞ্জ জেলার ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ৯০ কিলোমিটার সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের এবং বাকি ৩০ কিলোমিটার সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন। ২৮ বিজিবির নিয়ন্ত্রিত এলাকার মধ্যে ছয়টি পয়েন্টে কোনো কাঁটাতারের বেড়া নেই। ফলে এসব অরক্ষিত স্থান দিয়ে অনুপ্রবেশের ঝুঁকি বেশি থাকায় সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ শষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, 'অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক পুশইন প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যাতে সজাগ থাকেন, সে জন্য সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং করা হচ্ছে।'
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাত থেকে বিজিবির টহল বাড়ার পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা বিরাজ করছে।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ প্রবেশ রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জেডআর/এমএ