ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে দোকানের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠী (ছোট গোষ্ঠী) এবং বাদৈর বাড়ির জয়নাল মিয়ার নেতৃত্বাধীন বড় গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরু মিয়া পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি গ্রাম্য সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস/এসআর