ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে আল-মুসলিম গ্রুপে ছাঁটাই, শ্রমিকদের বিক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:৪৭ পিএম
X

সাভারে আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানায় ছাঁটাইয়ের ঘটনায় ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উলাইল বাসস্ট্যান্ডে অবস্থিত আল-মুসলিম পোশাক কারখানার প্রধান ফটকের সামনে তারা এ বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কাজে যোগ দিতে এসে তারা ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান। এছাড়া ছাঁটাই হওয়া শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের দাবি, শ্রম আইন অনুযায়ী ২৬ ধারায় ছাঁটাইকৃত শ্রমিকদের তিন মাসের বেতন পরিশোধ করতে হবে। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

১৩ বছর ধরে কারখানাটিতে সুইং অপারেটর হিসেবে কর্মরত আফানুর জানান, হঠাৎ মোবাইলে বার্তা পাঠিয়ে তাকে ছাঁটাই করা হয়েছে। সকালে কাজে এলে কর্তৃপক্ষ তাকে কারখানায় প্রবেশ করতে দেয়নি। একই ধরনের অভিযোগ করেন সাত বছর ধরে কর্মরত রোজিনা আক্তার, দুই বছর পাঁচ মাস ধরে কর্মরত মো. রকিবুল্লাহ এবং ট্রেনিং সেন্টার থেকে সদ্য উৎপাদন লাইনে যোগ দেওয়া আছিয়া আক্তার। তাদের অভিযোগ, তিন মাস ১৩ দিনের পাওনা পরিশোধ করে ছাঁটাই করার নিয়ম থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা মানেনি।

বর্তমানে উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের কারখানার সামনে পরিস্থিতি থমথমে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, শ্রমিকদের ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করা হয়েছে এবং তাদের এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে ২৬ ধারা অনুযায়ী তিন মাসের বেতন পরিশোধের বিষয়ে শিল্প পুলিশের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং প্রতিষ্ঠানটি তিন মাসের বেতন দেবে না। তিনি আরও বলেন, শুধুমাত্র যেসব শ্রমিক এক মাসের বেতন পাননি, তাদের বিষয়েই আলোচনা করা হচ্ছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেছে। পাশাপাশি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি জানান, মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে।

প্রসঙ্গত, শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘আল-মুসলিম গ্রুপ’ তাদের তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন কর্মীকে ছাঁটাই করেছে। ছাঁটাইকৃত শ্রমিকদের মধ্যে সাভারের উলাইল এলাকার ‘একেএম নিটওয়্যার লিমিটেড’ কারখানার ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকার ‘প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার’ কারখানার ৫২৯ জন এবং আশুলিয়ায় অবস্থিত ‘আল-মুসলিম অ্যাপারেলস’ কারখানার ৫৩ জন কর্মী রয়েছেন।


ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝