দিনাজপুরের সদর ও বিরল উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। বৃহস্পতিবার চলমান তাপদাহের মধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরারিপুর উত্তরপাড়া গ্রামের খতিবুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৫০) এবং বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোপালবাড়ী গ্রামের বশির উদ্দিনের স্ত্রী ফজিলা আক্তার (৩৫)।
সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরারিপুর উত্তরপাড়া গ্রামের শাহীন হোসেন জানান, প্রচণ্ড তাপদাহের মধ্যে বিকালে বৃষ্টি শুরু হলে মোশারফ হোসেন মাঠে শুকাতে দেওয়া ইরি-বোরোর খড় তুলতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মোশারফ হোসেন ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় সুলতানা রাজিয়া (৪০) নামে এক গৃহবধূও আহত হন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নূর নবী ও হাসপাতালের ওয়ার্ড মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, একই সময় বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোপালবাড়ী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ফজিলা আক্তার শুকাতে দেওয়া খড় তুলতে গেলে বজ্রপাতে তিনি নিহত হন।
বিরল থানার ওসি আল ইমরান বজ্রপাতে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ/আরএন