ঢাকার সাভারের আশুলিয়ায় বিষধর সাপের কামড়ে আসিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আসিয়া বেগম আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ি শামেরটেকী এলাকার বাসিন্দা এবং মুসলেম বেপারীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠান থেকে শুকাতে দেওয়া কাপড় আনতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কেপিজে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মমতাজ বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর সোয়া ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আসিয়া বেগমকে দাফন করা হয়েছে।
ওএফ/এসআর