কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামের অপর এক কিশোর আহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পশ্চিম আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়াসহ কয়েকজন বন্ধু বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তারা দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানা মিয়ার মৃত্যু হয়।
নিহত রানার চাচাতো ভাই রাজু মিয়া জানান, দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। এ সময় বজ্রপাতে দুজন আহত হয়। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। লাবন্য বর্তমানে চিকিৎসাধীন এবং কিছুটা সুস্থ আছে। সম্পর্কে তারা দুজন চাচা-ভাতিজা বলেও জানান তিনি।
এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেএ/আরএন