কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন আইপিএসের ব্যাটারিতে সংযোগ দিতে গিয়ে এবং অন্যজন সাউন্ডবক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
নিহতরা হলেন পৌরসভার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত (১৬) এবং বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সাবু মিয়া (২৬)।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবুল হাসান মুহিত নিজ বাড়িতে আইপিএসের ব্যাটারিতে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বেলা ১২টার দিকে জাহাঙ্গীর আলম সাবু মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। এ সময় তিনি সাউন্ডবক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।
কেএস/আরএন