ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ।
সোমবার বিকেলে মহিষটির ক্রেতা সেটিকে নিতে আসলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। পরে ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঢাকায় নিয়ে যান ক্রেতা ও তার লোকজন।
সোমবার দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারিরা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেন। পরে মহিষটিকে রাজকীয় পোশাক পরিয়ে নানা রঙের স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও স্থানীয় লোকজন ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অপরদিকে, ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।
অ্যালবিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-এর মতো। এ কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় এক মাস আগে ৭০০ কেজি ওজনের মহিষটি ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির।
এরপর ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে শুধু শিশু-কিশোর ও যুবকরাই নয়, অনেক নারীও এসেছিলেন। বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও অনেকে এসেছিলেন। অনেকেই কিনতে না পেরে হতাশা প্রকাশ করেন।
মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। সোমবার বিকেলে ভাইরাল এই মহিষটিকে ঢাকায় ক্রেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে তাদের কষ্ট লাগছে। বাংলাদেশে এর আগে কোনো কোরবানির গরু বা মহিষ এভাবে ভাইরাল হয়েছিল কি না, তা তাদের জানা নেই। তারা কখনো মহিষটিকে ভুলবেন না।
এক দর্শনার্থী জানান, ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এতদিন নারায়ণগঞ্জে ছিল, এটি তাদের জন্য আনন্দের বিষয় ছিল।
রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ও মহিষটির ক্রেতা সামির জানান, তিনি অনেকদিন আগেই মহিষটি কিনেছিলেন। পরে এটি ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে দেখার জন্য তাদের এলাকার লোকজনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে কষ্ট লাগলেও কোরবানির ত্যাগের মহিমার জন্য তা মেনে নিতে হয়। তারা আজীবন মহিষটিকে মনে রাখবেন।
এসএস/আরএন