টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আজমল হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সজিব (১৭) নামে আরও এক যুবক। তবে নিহতের পরিবারের দাবি, এটি সড়ক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ধোপাখালী এলাকার চাড়াভাঙ্গা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আজমল হোসেন জামালপুর সদর উপজেলার মাইনপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। আহত সজিব একই উপজেলার শেখের ভিটা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
আহত সজিব জানান, শুক্রবার রাতে জামালপুরের ফৌজদারী মোড় এলাকায় একটি ড্রাম ট্রাকের ভেতর থেকে নারীর কান্নার শব্দ শুনে তারা ট্রাকটির দিকে এগিয়ে যান। পরে ট্রাকটি দ্রুতগতিতে ধনবাড়ীর দিকে চলে গেলে তিনি ও তার বন্ধু আজমল মোটরসাইকেলে ট্রাকটির পিছু নেন। তাদের সঙ্গে আরও একটি মোটরসাইকেলে দুই বন্ধু ছিলেন। একপর্যায়ে অন্য মোটরসাইকেলটি ফিরে গেলেও তারা ট্রাকটিকে অনুসরণ করতে থাকেন।
সজিব আরও জানান, পরে তারা ফিরে আসার সময় ধনবাড়ীর চাড়াভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছানোর পর কী ঘটেছে তা তিনি আর মনে করতে পারছেন না।
নিহতের বোন মৌমিতা আক্তার মিতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাই সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। আমরা ধারণা করছি, তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, টহল ডিউটির সময় চাড়াভাঙ্গা ব্রিজের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজমলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত সজিবের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।
এইচআর/এসআর