পটুয়াখালীর লোহালিয়া নদীর দুই পাড়ে অবস্থিত বাউফল উপজেলার বগা ও দুমকি উপজেলার চরগরবদির মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম বগা ফেরি। প্রতিদিন এই ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান ও রোগীবাহী অ্যাম্বুলেন্সকে। দীর্ঘদিনের এই দুর্ভোগে অতিষ্ঠ বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার কয়েক লাখ মানুষ।
এই ভোগান্তির তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ। দুই মাস আগে হৃদরোগে আক্রান্ত নানাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগা ফেরিঘাটে প্রায় তিন ঘণ্টা আটকে থাকতে হয় তাদের বহনকারী অ্যাম্বুলেন্সকে। অসুস্থ নানাকে নিয়ে ফেরির অপেক্ষায় কাটানো সেই সময় ছোট্ট আবিরার মনে গভীর দাগ কাটে।
ফেরিঘাটে মানুষের দুর্ভোগ দেখে আবিরা উপলব্ধি করে, এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। পরে ভাই মাহমুদ ইয়ামিনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে বগা ফেরিঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে চিঠি লেখে সে।
গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে লেখা আবিরার সেই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে গত ১৯ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বগা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরি, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং জামায়াত নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
পরিদর্শনকালে আয়োজিত সুধী সমাবেশে সেতুমন্ত্রী বলেন, “আবিরার চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা সেতুর সম্ভাব্যতা যাচাই করতে এসেছি। ইনশাআল্লাহ, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সেতুর নির্মাণকাজ শুরু হবে।”
এ সময় সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার জন্য ছোট্ট আবিরাকে পুরস্কৃতও করেন মন্ত্রী।
একটি শিশুর চিঠিকে গুরুত্ব দিয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, বহুল প্রত্যাশিত বগা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আবিরা বিনতে মাহমুদ পটুয়াখালীর বাউফল-দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আপেল মাহমুদ মধু বরগুনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এবং মা নাজমুন্নাহার ইরানি বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা। তার ভাই মাহমুদ ইয়ামিন বাউফল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বলেন, “বগা সেতু বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলার মানুষের প্রাণের দাবি। সেতুটি নির্মিত হলে ভোলা, লক্ষ্মীপুর ও পটুয়াখালীর সঙ্গে সড়ক যোগাযোগ আরও সহজ হবে।”
বাউফল উপজেলা প্রবীণ নাগরিক ফোরামের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, “বগা সেতুর অভাবে আমরা দীর্ঘদিন ধরে পিছিয়ে আছি। অনেক রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে মারা গেছেন, আবার ফেরিঘাটেই সন্তান প্রসবের ঘটনাও ঘটেছে। ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনেও ভোগান্তি পোহাতে হয়। তাই সেতুটি এখন সময়ের দাবি।”
এএস/এসআর