দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল আনুমানিক ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিরামপুরগামী একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে ওসমানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ঘাতক ট্রাকটি দ্রুত শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।
আরএন