সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার মানুষের দাবি—হিলি রেলস্টেশনের অবকাঠামো উন্নয়ন এবং আন্তঃনগর ট্রেনের স্টপেজের ব্যবস্থা—অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, এ বিষয়ে রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে বিরামপুর ও হিলি রেল স্টেশন পরিদর্শনও করা হয়েছে। এখন যে বিষয়টি আলোচনায় রয়েছে, তা হলো এখান থেকে লাভজনক ও অবৈধ পণ্য ওঠানামা, যা নিয়ে বিজিবির সংশয় রয়েছে। আমরা পূর্ব পাশে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করতে পারব।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী জানান, হিলি জিরো পয়েন্ট থেকে জয়পুরহাট পর্যন্ত চার লেন সড়কের কাজ ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে আটকে ছিল। এ প্রকল্পের অর্থ জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন সড়কের দুই পাশে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দিয়ে টেন্ডারের মাধ্যমে খুব দ্রুত কাজ শুরু করা হবে। এছাড়াও হিলি–ঘোড়াঘাট সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। চলতি বছরের পর নতুন অর্থবছরে এ উপজেলায় সড়ক পাকাকরণের বড় কোনো কাজ থাকবে না।
এছাড়া প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি দিনাজপুর-৬ আসনের মধ্যবর্তী স্থানে ২৫০ শয্যার একটি মা ও শিশু এবং ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ করা হবে। এ বিষয়ে জায়গা নির্ধারণের কাজ চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন, সিজার ও সাধারণ ডেলিভারির ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষকে জয়পুরহাট, বগুড়া বা দিনাজপুর শহরে যেতে না হয়।
স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণের জন্য কোনো আন্দোলনের প্রয়োজন হবে না। সরকার এ বিষয়ে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও ভবন নির্মাণের জন্য কোনো তদবির করতে হবে না এবং ঢাকা শহরে দৌড়াতে হবে না। তবে কাউকে কোনো অর্থ বা ঘুষ দেওয়া যাবে না—এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল করা হবে।
হিলিকে মাদকমুক্ত করার বিষয়ে মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, এটি আমার একার কাজ নয়, এটি আপনাদের দায়িত্ব। আপনারা ভালো করেই জানেন, এই এলাকায় কারা মাদক বিক্রেতা এবং কারা সেবনকারী। অতএব, আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেল এএসপি অ. ন. ম. নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন, এরফান আলী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন (শিল্পী), যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে হাকিমপুর উপজেলার বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসা, পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ও রাধা কৃষ্ণ মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়।
জিএম/আরএন