শেরপুর সদর উপজেলার হাওড়া আমতলা এলাকায় সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।”
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এমএস/এসআর