ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:১৭ পিএম
X

সুন্দরবনে ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ওই ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাতস্থানে আটকে রেখেছে।

জেলেদের মহাজন, নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী বলেন, মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের ফুসফুসেরচরের কাছে সাগর মোহনায় মাছ ধরারত জেলেদের নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

অপহৃত জেলেরা হলেন— পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। এছাড়াও দস্যুদের কব্জায় আরও কয়েকজন জেলে আটক রয়েছেন। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫ থেকে ১৬ জন এবং তারা বিশেষ ধরনের পোশাক পরিহিত ছিল বলে ওই মহাজন জানান।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার রুহিতা ও নিদ্রাসখিনা এলাকার ১২ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবন থেকে অপহরণ করে আটকে রেখেছে বলে তারা খবর পেয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বুধবার দুপুরে মোবাইল ফোনে বলেন, গত রাতে ফুসফুসেরচর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে বনরক্ষীরা রাতেই সুন্দরবনে অভিযানে নেমেছেন। তবে এখন পর্যন্ত অপহৃত জেলেদের সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানান।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, সুন্দরবনে ১৭ জন জেলে অপহরণের খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝