বগুড়ার আদমদীঘিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তার সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এক সাংবাদিক উপজেলা ভূমি অফিসে গেলে কিছুক্ষণ অপেক্ষার পর দায়িত্বরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সঙ্গে তার কথা হয়। এসময় উপজেলার কয়েকটি মৌজার জমি এখনো অনলাইনে অন্তর্ভুক্ত না হওয়ায় সেবাপ্রত্যাশীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। একপর্যায়ে তিনি বলেন, “এসব বিষয়ে সবাই সাংবাদিকদের কাছে যায়।” পরে আরও বলেন, “পূর্বের কর্মস্থলে থাকতে কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি, আমার সম্পর্কে খবর নেন।”
তার এমন বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বলছেন, একজন সরকারি কর্মকর্তার মুখে এ ধরনের বক্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের মর্যাদার ওপর সরাসরি আঘাত। এদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে ভূমিসেবা উপলক্ষে আয়োজিত ভূমি মেলাতেও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে এসিল্যান্ড আশরাফুল ইসলামের বিরুদ্ধে।
জানা যায়, গত দুই সপ্তাহ আগে উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আশরাফুল ইসলাম যোগদানের পর থেকেই তার অসৌজন্যমূলক আচরণ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, সাধারণ সেবাপ্রার্থী থেকে শুরু করে সাংবাদিকদের সঙ্গেও তিনি বিরূপ আচরণ করে আসছেন।
এরই ধারাবাহিকতায় সারাদেশে ভূমিসেবা উপলক্ষে স্বচ্ছ, ডিজিটালাইজড ও ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ভবন চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ভূমি অফিস। এ উপলক্ষে সোমবার রাত ৯টার দিকে ভূমি অফিসের স্টাফরা স্থানীয় সাংবাদিকদের ফোন করে অনুষ্ঠান কাভার করার জন্য আমন্ত্রণ জানান। পরদিন সকাল ১০টায় কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আব্দুল মহিত তালুকদারের বক্তব্য নেওয়ার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান।
অভিযোগ রয়েছে, এ সময় সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠার সময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম সাংবাদিকদের বাধা প্রদান করেন এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনাটিকে সাংবাদিকরা অত্যন্ত অপমানজনক হিসেবে দেখেন। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে দুপুরে উপজেলার কর্মরত সাংবাদিকরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এই উপজেলায় দায়িত্ব পালনকালীন তার কার্যালয়ের সকল সংবাদ প্রকাশ বর্জন করা হবে। ঘটনার পর থেকে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানান।
এসএইচকেএস/ এসআর