নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো পূর্ণকলস গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত রহমান (১১) ও রাজু আহমেদের ছেলে মোহাম্মদ আলী (১০)। তারা দু’জনই পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গোপালপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বেলাল হোসেন জানান, সকাল ১১টার দিকে তারা দুজন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পুকুরে কলাগাছ নিয়ে খেলা করছিল। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তাদের পরিহিত পোশাক ও স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে সন্ধান চালিয়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএইচ/আরএন