বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৪টার দিকে মধুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিঠু শেখ (৪৫) উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। তার পরিবারে দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু শেখ সোমবার বিকেলে বাড়ির নিকটে কলা ক্ষেতে কাজ করছিলেন। সে সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন মিঠুকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক মিঠু শেখ নিহত হয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন। মিঠু শেখের হত্যাকারিদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।
একে/এমএ