ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত মরন মিয়া (৪০) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ইয়াবা সেবনের দায়ে মোবাইল কোর্টে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মরন মিয়া গত ৯ মে কারাগারে আসেন।
তিনি আরও জানান, সোমবার সকালে নাস্তা করার প্রায় এক ঘণ্টা পর বেলা সোয়া ১০টার দিকে কয়েকজনের সঙ্গে মুরালি খাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে বসা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মরন মিয়া। এ সময় তার বীর্যপাত ও পায়খানা হয়ে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও বলেন, মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিহতের পরিবারকে জানাতে নাসিরনগর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসআরএস/এসআর