সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে ডাকাতি ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত চার থেকে পাঁচ দিনে ‘রঘু ডাকাত’ পরিচয়ে অন্তত ১৫টি বাড়িতে এ ধরনের চিঠি পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চিঠিতে লেখা রয়েছে, “কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব। তাই দরজা খোলা রাখবেন। না খুলে রাখলে জিন্দা খালাস। —ইতি, রঘু ডাকাত।” অধিকাংশ চিঠিতে বিভিন্ন কোড নম্বরও ব্যবহার করা হয়েছে।
ঈদুল আজহাকে সামনে রেখে গরুর খামারকেন্দ্রিক এ ঘটনায় খামারিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি পরিদর্শনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন। এলাকায় পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।
স্থানীয় খামারি রাকিবুল হাসান ও মেনহাজ উদ্দিন জানান, শাহজাদপুর উপজেলার অধিকাংশ মানুষ গরু পালনের সঙ্গে জড়িত। হঠাৎ একের পর এক রক্তমাখা চিঠি আসায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এদিকে সম্প্রতি একই এলাকায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে ডাকাতির ঘটনাও ঘটেছে। খামারি আমজাদ হোসেন অভিযোগ করেন, গত মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। কিছুক্ষণ পর তিনিও অচেতন হয়ে পড়েন। গভীর রাতে জ্ঞান ফিরে দেখেন, একটি গরু চুরি হয়েছে। এছাড়া ঘরের শোকেজের লকার ভেঙে নগদ এক লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, পাঁচ ভরি রুপার গহনাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে তিনি শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় আবু হোসেন জানান, দুই সপ্তাহ আগে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে তার বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু চুরি করা হয়।
একই এলাকার আবু সাঈদ নামে এক ব্যক্তির বাড়িতে গরু লুটের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তার মেয়ে বিথি খাতুনকে উদ্দেশ্য করে আরেকটি রক্তমাখা চিঠি রেখে যায় দুর্বৃত্তরা। এতে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের দাবি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “পুলিশ সুপারের নির্দেশে ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “ঘটনার পর এলাকাবাসীর সঙ্গে কথা বলা হয়েছে এবং পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। কোনো ডাকাত বা দুর্বৃত্তকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে।”
এবি/ এসআর