ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লিড পেল টাইগাররা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৩:৫৩ পিএম আপডেট: ১৭.০৫.২০২৬ ৯:০২ পিএম
X

পাকিস্তানকে ২৩২ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েছে। বাংলাদেশের লিডটা আরও বড় হয়নি সাজিদের পাগলাটে ব্যাটিংয়ে। ২ চার ও ৪ ছক্কায় তিনি ৩৮ রান করেছেন। 

এর আগে পাকিস্তানের পক্ষে ৮৪ বলে ১০টি চারের সাহায্যে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সাজিদের ব্যাটে। বোঝাই যাচ্ছে স্বীকৃত ব্যাটারদের বেশ বড় পরীক্ষা দিতে হয়েছে রানা-তাসকিনদের সামনে। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও তাইজুল সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে রোববার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমেই উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন আহমেদ আব্দুল্লাহ ফজলকে ফেরান। মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লিটন দাস। ব্যক্তিগত ৯ রানে ফজল ফিরলেন। এক ওভার পর আবারও আক্রমণে ফিরে তাসকিন ফেরালেন আরেক ওপেনার আজান আওয়াইসকে। 

তাসকিনের বল কিছুটা দেরিতে সুইং করার পর শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন পাকিস্তানি ওপেনার। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান ১৩ রান করে বিদায়। এরপর দেখেশুনেই খেলেছিলেন বাবর ও পাক অধিনায়ক শান মাসুদ। তবে সেই জুটি ৩৮ রানের বেশি লম্বা হতে দেননি মিরাজ। তাকে কাভার অঞ্চল দিয়ে শট খেলতে গিয়ে শর্টে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন মাসুদ (২১)। ক্রিজে আসা নতুন ব্যাটার সৌদি শাকিলকেও (৮) থিতু হতে দিলেন না মিরাজ। বাঁ-হাতি এই ব্যাটার রান তুলতে কিছুটা সংগ্রাম করছিলেন, চাপ কাটাতে সুইপ শট খেলার চেষ্টা চালান তিনি, কিন্তু বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। যা লিটন অনায়াসে হাতের মুঠোয় পুরেন। 

সেখান থেকে পাকিস্তানকে টেনে তোলার চেষ্টায় নামেন বাবর-সালমান আগা। তাদের ৬৩ রানের জুটিটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। এর মধ্যে বাবর ব্যাট করেছেন বেশ সাবলীলভাবে। তবে নাহিদ রানার ফুল লেন্থের একটি বলে খেই হারিয়ে শট খেলতে গিয়েও খেললেন না সাবেক এই অধিনায়ক। ফলে মুশফিকুর রহিমকে ক্যাচ শিখিয়ে ৬৮ রান করে ফিরলেন বাবর। এরপর পাকিস্তান নিয়মিত বিরতিতে সালমান (২১), মোহাম্মদ রিজওয়ান (১৩) এবং হাসান আলিদের (১৮) উইকেট হারায়। শেষদিকে সাজিদ খানই কেবল তাদের ইনিংস কিছুটা লম্বা করতে পারেন।

তাইজুল-রানার ৩ উইকেট ছাড়া বাংলাদেশের হয়ে তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট শিকার করেছেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝