ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৪৫০ গ্ৰাম ওজনের একটি বড় আকারের ইলিশ। স্থানীয় ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত মাছটি নিলামে বিক্রি হয়েছে ১০ হাজার ৭০০ টাকায়।
রোববার সকালে ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাটে আড়তদার আল-আমিন বেপারী ৯ হাজার ৮০০ টাকায় কিনে বরিশাল আড়তে নিলামের মাধ্যমে মাছটি ১০ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।
আড়তদার আল-আমিন বেপারী বলেন, 'সকালে মেদুমা মাঝির হাট সংলগ্ন মেঘনা নদীতে রুবেল মাঝির নেতৃত্বে একটি ট্রলার নিয়ে কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যান। জাল তোলার সময় অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকারের মাছটিও ধরা পড়ে। পরে মাছটি ঘাটে আনা হলে নিলামে ৯ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।'
তিনি বলেন, 'বড় আকারের হওয়ায় বেশি দামে মাছটি কিনেছি। পরে বরিশাল মোকামে মাছটি ১০ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।'
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, 'সাম্প্রতিক সময়ে নদীতে পরিচালিত নিয়মিত অভিযানের ফলে বড় আকারের ইলিশের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।'
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে নদীতে আরও বেশি বড় ইলিশ ধরা পড়বে।
এএম/এমএ