সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভেতর থেকে হাসমত ফকির (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাসমত ফকির উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) ভোরে নরিনা ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভেতরে একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় হাসমত ফকিরের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।
খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অধিক তদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
মৃত হাসমত ফকিরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসবি/আরএন