কুমিল্লার হোমনায় মাথায় বহন করা ধানের বস্তার নিচে চাপা পড়ে সাদেক মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সাদেক মিয়া উপজেলার আছাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের খন্দকার বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে জীবিকার তাগিদে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাদেক। পরে কাজের সময় মাথায় ধানের বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান। এ সময় মাথায় থাকা ধানের বস্তাটি তার শরীরের ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া ধানের বস্তার নিচে পড়ে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ/এসআর