বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে মোংলা পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ দূর্ঘটনা ঘটে।
নিখোঁজ মো. হোসেন মোড়ল (৪০) দাকোপের চালনা এলাকার মৃত. মো. ইউনুস মোড়লের ছেলে।
জানা যায়, প্রতিদিনই খুলনার চালনা এলাকার বিভিন্ন হ্যাচারী থেকে ট্রলারে করে চিংড়ি মাছের পোনা নিয়ে মোংলায় আনতেন মাঝি মো. হোসেন। সকালেও অন্য দিনের মতো তার স্ত্রী ও ৬ বছরের এক কন্যা সন্তানসহ চিংড়ি মাছের পোনা নিয়ে মোংলায় আসছিলেন। লেবার ঘাট সংলগ্ন এলাকায় পৌছালে হঠাৎ নদীতে পড়ে যান মাঝি হোসেন। এ সময় তার স্ত্রী চিৎকার শুরু করলে আশপাশের নৌকা ও ট্রলারে থাকা লোকজন নদীতে নেমে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে সকাল ৮টায় নিখোঁজ মাঝি হোসেনকে উদ্ধারে অভিযান শুরু করে নৌ বাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. দেলোয়ার হোসেন বলেন, 'নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।'
জেইউ/এমএ