রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পেঁয়াজের হাটে ‘ধলতা’ বা অতিরিক্ত ওজন কর্তন বন্ধে ব্যবসায়ীদের সচেতন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) দুপুরে গোয়ালন্দ বাজারে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজবাড়ীর অন্য তিনটি উপজেলায়ও ইতোমধ্যে ধলতা বা অতিরিক্ত ওজন নেওয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে সরকারিভাবে অতিরিক্ত ওজন না নেওয়ার নির্দেশনা রয়েছে।
গোয়ালন্দ বাজারে কৃষকদের কাছ থেকে ধলতা নেওয়ার অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের একত্রিত করে বলেন, আগে প্রতি মণ পেঁয়াজ বা রসুনে দুই থেকে তিন কেজি পর্যন্ত ধলতা নেওয়া হতো। তবে সরকারি নির্দেশনার কারণে এখন থেকে এ পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রথম দিন হওয়ায় সবাইকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের অন্যদেরও বিষয়টি জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনও সাথী দাস আরও বলেন, পরবর্তীতে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে।
এসআই/এসআর