ফেনীতে নিজের নির্মাণাধীন ভবন থেকে এক প্রবাসীর স্ত্রীর বালু চাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোছনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বজনদের দাবি, তাকে হত্যার পর মরদেহ বালু চাপা দিয়ে রেখেছে ঘাতক।
নিহত গৃহবধূ রীনা আক্তার (২৮) ওই গ্রামের প্রবাসী মানিক উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নির্মাণাধীন ভবনটিতে গিয়ে রীনা আক্তার আর ফিরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে নিহতের ছোট ছেলে ঘটনাস্থলে যাওয়ার পর সাইফুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক তাকে দেখে পালিয়ে যান।
খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।'
এটি/এমএ