জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের একটি মাঠ থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়ে একটি ক্ষেতে মাটি চাপা দেওয়া অবস্থায় এক ব্যক্তির হাত দেখতে পান স্থানীয় এক কৃষক। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি অনেকটাই পচে গেছে। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”
এসআইএস/এসআর