দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৈত্রিক জমির ভাগাভাগিকে কেন্দ্র করে বিমাতা ভাইদের (সৎ ভাই) নৃশংস হামলায় বাবা ও বড় ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টেপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিয়ে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেপাপাড়া গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম দুলুর (৬০) দুই স্ত্রীর পরিবারের সন্তানদের মধ্যে পৈত্রিক জমির ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে শহিদুল ইসলাম দুলু তার প্রথম স্ত্রীর বড় ছেলে মো. জয়নাল আবেদীনকে (৩৫) সাথে নিয়ে ভুট্টা তুলতে যাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় স্ত্রীর ছেলে মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব হোসেন (২০) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
ভুট্টা ক্ষেতের মধ্যেই বাবা ও ভাইকে এলোপাতাড়ি মারধর শুরু করলে তারা গুরুতর আহত হন। একপর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবার মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত ছেলে জয়নাল আবেদীনকে তার শ্যালক মো. মাহমুদুল হোসেন দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয়নাল আবেদীনের মরদেহ বর্তমানে সৈয়দপুর হাসপাতালের মর্গে রয়েছে।
চরিরিবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, 'পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা সকলে পলাতক। তাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।'
এমএ/এমএ