ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রামগতিতে কোরবানির জন্য ৩০ হাজার গরু প্রস্তুত, ভাইরাস আতঙ্কে খামারিরা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২৫ পিএম
X

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় ৩০ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এসব পশুর মধ্যে ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, কমলনগরে ৩৫টি খামারে প্রায় ১৩ হাজার এবং রামগতিতে ৮৫টি খামারে প্রায় ১৭ হাজার গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। দুই উপজেলায় মোট ১২০টি খামারে কোরবানির জন্য মোট ৩০ হাজার পশু রয়েছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলীয় এই দুই উপজেলায় গবাদিপশুর খামার রয়েছে ১২০টি। গত প্রায় এক মাস ধরে এসব খামারে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নামের ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে। এতে অনেক খামারির মধ্যে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে।

পশু বিশেষজ্ঞরা জানান, লাম্পি স্কিন ডিজিজ একটি মারাত্মক ভাইরাসজনিত চর্মরোগ, যা মূলত মশা ও মাছির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত পশুর মধ্যে তীব্র জ্বর, চামড়ায় গুটি, ফোসকা, পা ফুলে যাওয়া এবং দুধ উৎপাদন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। রোগটির নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও টিকা প্রদান ও মশা-মাছি নিয়ন্ত্রণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।

রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের খামারি গোলাম রব্বানী বলেন, তার খামারের ২৫টি গরুসহ আশপাশের বেশ কয়েকটি খামারে একই রোগ দেখা দিয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

আরেক খামারি মো. মিলন জানান, তার খামারের ১৭টি গরুর মধ্যে রোগ ছড়িয়ে পড়েছে। এতে ঈদের সময় পশু বিক্রি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভুট্টু ডেইরি ফার্মের মালিক মো. ভুট্টু বলেন, তার খামারের ৭০টি গবাদিপশুর মধ্যে রোগ দেখা দিয়েছে। সরকারি সহায়তা ও প্রণোদনা না পেলে অনেক খামারি ভবিষ্যতে এ পেশা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন।

কমলনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইসমাইল হোসেন বলেন, “লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে আমরা পশুদের চিকিৎসা ও টিকা দেওয়ার কার্যক্রম চালাচ্ছি।”

লক্ষ্মীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একে.এম. ফজলুল হক বলেন, “এ রোগটি সারাদেশেই ছড়িয়ে পড়েছে। সীমিত পরিমাণ টিকা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

আরএমবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝