ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুকুরের ধাওয়া খেয়ে লোকালয়ে আশ্রয় নিল হরিণ, উদ্ধার করল বন বিভাগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:০৫ পিএম আপডেট: ১১.০৫.২০২৬ ৬:১৩ পিএম
X

বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি মায়াবী হরিণ লোকালয়ে ঢুকে একটি বাড়িতে আশ্রয় নেয়। সোমবার (১১ মে) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বন বিভাগের একটি দল গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৬টার দিকে গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে হরিণটিকে আশ্রয় নিতে দেখা যায়। সুন্দরবনসংলগ্ন এলাকা হওয়ায় ধারণা করা হচ্ছে, পথ হারিয়ে হরিণটি লোকালয়ে চলে আসে। তবে কোনো চোরাকারবারির হাত থেকে ছুটে এসেও প্রাণীটি এলাকায় ঢুকে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

হরিণটিকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় যুবক আসাদুল ইসলাম জানান, তিনি ফসলের মাঠে কাজ করার সময় কয়েকটি কুকুরকে হরিণটিকে ধাওয়া করতে দেখেন। একপর্যায়ে আতঙ্কিত হরিণটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত জাল কেটে সেটিকে মুক্ত করলে হরিণটি দৌড়ে গিয়ে মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে আশ্রয় নেয়।

বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, “কুকুরের তাড়া খেয়ে হরিণটি আমার বাড়ির পাশে এসে পড়ে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বন বিভাগ ও স্থানীয়দের খবর দিই। পরে বন বিভাগের লোকজন এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।”

এ বিষয়ে জ্ঞানপাড়া বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে। বর্তমানে প্রাণীটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, “হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কি না, সে বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আইএইচ/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝