রাঙামাটির সাজেকে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ হত্যার প্রতিবাদে সোমবার দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। এতে দীঘিনালা উপজেলা থেকে কোনো প্রকার যানবাহন ও পর্যটকবাহী গাড়ি ছেড়ে যায়নি।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তাদের সহযোগী সংগঠনগুলোর ডাকা এই অবরোধের ফলে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে বেলা ১২টা পর্যন্ত। অবরোধের সমর্থনে ভোর থেকেই ইউপিডিএফ কর্মীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সাজেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, 'যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাজেক ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।'
অবরোধের কারণে সাজেকগামী এবং সাজেক থেকে ফেরার অপেক্ষায় থাকা পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও। বেলা ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআর/এমএ