হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদক সেবনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ৮ নং সাটিয়াজুড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দারাগাও বাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় ওই গ্রামের রহম আলীকে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যান তিনি।
পরে ঘটনাস্থল থেকে প্রায় ৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং তা স্থানীয় ইউপি সদস্য মো. শামীমের জিম্মায় প্রদান করা হয়। এছাড়াও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চলমান মেশিন ও পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে ওই স্থানে পুনরায় অবৈধ ভাবে বালু উত্তোলন করতে না পারে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, একই দিন দুপুর ২টার দিকে মুড়ারবন্দ দরবার শরীফ এলাকায় গাঁজা সেবন করে দরবারে আগত মানুষের শান্তি বিনষ্ট করার অভিযোগে চার জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দরবার শরীফ এলাকায় মাদক সেবনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএ/এমএ