ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লা লিগার শিরোপা বার্সার ঘরে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:২১ এএম
X

রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দল ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেছে। হাতে থাকা তিন ম্যাচে আর এই ব্যবধান ঘোচানোর সুযোগ নেই মাদ্রিদদের। আধিপত্য বজায় থেকে লিগ শিরোপা জিতেছে বার্সা। পুরো মৌসুমে মাত্র চারটি ম্যাচ হেরেছে তারা।

এল ক্লাসিকোতে জয়ের কোনো বিকল্পই ছিলো না রিয়াল মাদ্রিদের। কেননা শিরোপার আশা বাঁচিয়ে রাখতে আর কোনো উপায় তাদের সামনে ছিলো না। কিন্তু ম্যাচের শুরুর দিকেই সেই স্বপ্নে আঘাত পায় বার্সেলোনার হয়ে মার্কাস রাশফোর্ড ৯ মিনিটে গোল করলে।

দৃষ্টিনন্দন এক গোল করেন তিনি। অ্যান্তেনিও রুডিগার বক্সের ঠিক বাইরে ফাউল করলে ফ্রি-কিক পায় বার্সেলোনা। সেখান থেকে দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়ান রাশফোর্ড। থিবো কোর্তোয়ার সামনে কোনো সুযোগই ছিলো না সেই বল ঠেকানোর।

প্রথম গোলের মিনিট নয়েক পর ম্যাচের ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা ফেররান তোরেসের গোলে। ফেরমিন লোপেজর ক্রসে চতুর ব্যাকহিল করেন দানি ওলমো। সেই বল পেয়ে জোরালো শটে গোল করেন তোরেস।

এই জয়ে টানা দ্বিতীয়বার লা লিগা জিতলেন ফ্লিক। গত মৌসুমে নিজের প্রথম বছরেই তিনি বার্সেলোনাকে লা লিগা ও কোপা দেল রের ডাবল জিতিয়েছিলেন।

দুই দলই ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি। বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না লামিনে ইয়ামাল, রাফিনহা ও জুলস কুন্দে। অন্যদিকে রিয়াল ছিল আরও বেশি সমস্যায়। দলে ছিলেন না এডের মিলিতাও, দানি কারভাহাল, ফিরল্যান্ড মেন্ডি, আর্দা গুলার ও রদ্রিগো। এছাড়া সপ্তাহের মাঝামাঝি ড্রেসিংরুমে সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনায় মাথায় চোট পাওয়া ফেদরিকো ভালভের্দেও ছিলেন না।

চোটের কারণে সফরে যাননি কিলিয়ান এমবাপে। ফলে আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে একাডেমির তরুণ স্ট্রাইকার গঞ্জালোকে খেলান কোচ আলভারো আরবেলোয়ার। বিরতির আগে ভিনিসিয়ুস ও গঞ্জালো কয়েকটি সুযোগ তৈরি করলেও বার্সেলোনাই ছিল বেশি ভয়ংকর। কোর্তোয়া দুর্দান্ত সেভ করে রিয়ালকে আরও বড় ব্যবধানের হার থেকে বাঁচান।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় বার্সা। ৬২তম মিনিটে জুডে বেলিংহ্যামের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে ভিনিসিয়ুসের একক প্রচেষ্টাও রুখে দেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া।

শেষ দিকে রিয়াল চেষ্টা চালালেও আক্রমণে ধার ছিল না। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় বার্সেলোনার শিরোপা উদযাপন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝