ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেনীর আদালতে বিচারকের সামনেই নারীর বিষপান, স্বামী জেলহাজতে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৮:৫০ পিএম
X

ফেনীর ফুলগাজী আমলী আদালতে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা (২০) নামে এক গৃহবধূ। দাম্পত্য কলহ ও স্বামীর নির্যাতনের বিচার না পেয়ে ক্ষোভে তিনি এ চরম পদক্ষেপ নেন বলে জানা গেছে।

রোববার দুপুরে আদালত চত্বরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনার পর আদালত তার স্বামী আকবর হোসেনের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও পারিবারিক সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার পশ্চিম রামপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে মোহনার সঙ্গে ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের জাফর আহমদের ছেলে আকবর হোসেনের প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

মোহনার অভিযোগ, তার স্বামী একাধিক বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর মাধ্যমে তার ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। এ ঘটনায় তিনি স্বামীর বিরুদ্ধে ফুলগাজী আমলী আদালতে সিআর মামলা (নম্বর-২৬) দায়ের করেন। রোববার মামলার ধার্য তারিখে শুনানি অনুষ্ঠিত হয়।

ফুলগাজী আমলী আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, শুনানিকালে আসামি আকবর হোসেন স্থায়ী জামিনের আবেদন করেন। অপরদিকে, বাদী মোহনা জামিন বাতিলের আবেদন জানান।

শুনানির এক পর্যায়ে মোহনা আদালতে বলেন, “আজ যদি এই ঘটনার সুষ্ঠু সমাধান না হয়, তবে আমি বিষ খাবো।” এর কিছুক্ষণ পরই তিনি বিষপান করেন।

তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন আসামি আকবর হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে মোহনা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ও সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, “রোগীকে বিষক্রিয়ার কারণে হাসপাতালে আনা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এমএটিবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝