মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসাদুজ্জামান লিটন নামে আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শফিক খান ওই ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, পাভেলুর রহমান শফিক খান দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এএইচএস/এসআর