সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি তালাবদ্ধ টিনশেড ঘর থেকে আনাস আলী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত আনাস আলী পৌরসভার আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরের ভেতরে আনাস আলীকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
জেএ/ এসআর