যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ৯, ১০ ও ১১ মে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হবে। এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে।’ তিনি রাশিয়া ও ইউক্রেনের নেতাদের এতে সম্মত হওয়ার জন্য ধন্যবাদও জানান।
ট্রাম্পের ঘোষণার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে জানান, যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়েছে। তিনি বলেন, এটি যুদ্ধ বন্ধে মার্কিন প্রচেষ্টার অংশ।
রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর এই চুক্তি হয়েছে। তিনি আরও বলেন, পুতিন ও ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের মিত্রতার বিষয়টি উঠে আসে এবং বিজয় দিবস উপলক্ষে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এর আগে রাশিয়া ৯ মে বিজয় দিবস উপলক্ষে একতরফাভাবে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে কিয়েভের অভিযোগ ছিল, মস্কো সেটিকে গুরুত্ব দেয়নি।
এই যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি দুই দেশ এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দি বিনিময় করবে। জেলেনস্কিও বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাম্প বলেছেন, ‘আলোচনা চলছে। প্রতিদিনই আমরা সমাধানের আরও কাছে পৌঁছাচ্ছি। এটি হয়তো দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন এই যুদ্ধের সমাপ্তির সূচনা হতে পারে।’
তবে শান্তি আলোচনায় এখনো বড় বাধা রয়ে গেছে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ে দুই পক্ষের অবস্থানে কোনো মিল নেই। রাশিয়া চায়, ইউক্রেন তাদের দখলে থাকা অঞ্চল ছেড়ে দিক। কিন্তু জেলেনস্কি বারবার বলেছেন, ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণাধীন কোনো ভূখণ্ড ছেড়ে দেবে না।
আরএন