ভোলার লালমোহন উপজেলায় নকল ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অভিযোগে দুই কৃষি বীজ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক এ অভিযান পরিচালনা করেন।
আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহীন সীড স্টোর ও হাফসা বীজ ভান্ডারে তল্লাশি করা হয়। তল্লাশিতে নকল ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির সত্যতা পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।
এইচপি/ এসআর