হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। এ সময় পৌর বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়।
এ বিষয়ে ইউএনও গালিব চৌধুরী বলেন, যান চলাচল ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএ/আরএন