ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রতি মাসের প্রথম শনিবার ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৫৪ পিএম
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ মে) নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ৯ মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে।

সভায় জানানো হয়, সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে ডিএসসিসির নেতৃত্বে সকল সরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসসিসি এলাকার সরকারি প্রতিষ্ঠান, আবাসিক কোয়ার্টার, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে।

এছাড়া মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, তদারকি এবং কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই প্রধান উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকরা নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে কোনো গাফিলতি সহ্য করা হবে না।”

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করতে হবে।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি), বিজিবি, ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝