নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে নিয়োজিত কর্মীদের ওপর হামলা চালিয়েছে ফুটপাত ও সড়ক দখলকারী হকাররা।
সোমবার বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
সিটি করপোরেশনের দাবি, এ ঘটনায় পাঁচ থেকে ছয়জন কর্মচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে জাহাঙ্গীর ও রুহুলের নাম জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। তবে হামলাকারী হকারদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নগরীতে হকার উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশনের কর্মীরা। এ সময় প্রেসক্লাব এলাকায় হকাররা মিছিল নিয়ে এসে উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মীদের ওপর হামলা চালায়। এতে জাহাঙ্গীর ও রুহুলসহ অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “এটি হকারদের চরম বাড়াবাড়ি। তাদের পুনর্বাসনের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। তবে সে পর্যন্ত ধৈর্য না ধরলে তা আইনের পরিপন্থী। আজকের ঘটনায় তারা আইন ভঙ্গ করেছে এবং আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এসএস/এসআর