নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে তার নিজ শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
পরিবারের মধ্যে মনোমালিন্য থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত ব্যবসায়ীর স্ত্রী শিউলি বেগম এবং ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েলকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র (মাংস কাটার দা) এবং স্ত্রী ও ছেলের রক্তাক্ত কাপড় উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার ইটালী গ্রামের মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে রুবেল নিয়মিত গাঁজা সেবন করতেন। এ নিয়ে প্রায়ই স্ত্রী ও ছেলের সঙ্গে তার ঝগড়া হতো। মূলত পারিবারিক অশান্তি থেকেই মা ও ছেলে এক সপ্তাহ আগে হত্যার পরিকল্পনা করেন। পরে ঘুমন্ত অবস্থায় বাবাকে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করেন ছেলে, মায়ের উপস্থিতিতে।
পরে তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং বাঁচার জন্য নাটক সাজান। তবে পুলিশি তদন্তে তারা সবকিছু স্বীকার করতে বাধ্য হন বলে জানান ওসি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত সাতজন প্রতিবেশী জানান, নিহত ব্যক্তি নিয়মিত গাঁজা সেবন করতেন এবং স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি চলছিল।
এসআই/আরএন