ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় পশু চিকিৎসক অপহরণের ৪৮ ঘণ্টা পর উদ্ধার, গ্রেপ্তার ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৪২ পিএম
X

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে তাকে সুন্দরবনের ধোলাই খাল থেকে সুন্দরবন বাজারে নিয়ে আসা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন—শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের নজরুল গাজীর ছেলে মাহামুদুল হাসান, একই গ্রামের সুজাউদ্দিন গাজীর ছেলে আব্দুল জব্বার এবং ওই গ্রামের নেছার আলীর ছেলে শাহিনুর গাজী। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি।

এদিকে অপহৃতের ভাই প্রিয়নাথ পরমান্য জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার ভাই অনিমেষ পরমান্যকে সুন্দরবন বাজার থেকে অসুস্থ একটি গরুর চিকিৎসা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে তার মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় তিনি শনিবার রাতে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশ অপহৃতকে উদ্ধারে জোর তৎপরতা শুরু করে। অপহরণকারীদের দাবিকৃত টাকা নিয়ে নির্ধারিত স্থানে অপেক্ষা করা হলেও পেছনে পুলিশ থাকার কারণে তারা সেখানে আসেনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে অপহরণকারীদের ব্যবহৃত নম্বর ট্র্যাকিং করে সোমবার সকালে কোস্টগার্ড, পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান শুরুর প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে বনদস্যুরা ডা. অনিমেষকে মুক্তি দেয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরও তথ্য জানার জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে এবং আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ২ মে সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন ডা. অনিমেষ পরমান্য। সাড়ে ১০টার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিকেলে অনিমেষের ফোন থেকেই তার স্ত্রীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে জিডি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

এমজেডআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝