জামালপুরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে শহরের পিটিআই মোড় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
গণভোটের রায় বাস্তবায়নসহ তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে তমালতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সাত্তার।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ১১ দলীয় ঐক্যের সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুল আওয়াল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাড. আছিমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা প্রচার সম্পাদক আব্দুল আলীম, শহর আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলা আমীর মাও. মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান, মাদারগঞ্জ উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন, জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক শামস উদ্দিন সোলাইমান, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক শাকিল আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাও. আব্দুস সাত্তার বলেন, "বিএনপি গণভোটের জনরায় বাস্তবায়ন না করে ৭০ শতাংশ মানুষের প্রদত্ত মতামতকে উপেক্ষা ও অবজ্ঞা করছে। অথচ এই রায় বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়া সম্ভব। এ জন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার।"
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে বক্তারা হুশিয়ারি দেন।
জেডজেড/এসআর