পেশাজীবী ক্যাটাগরিতে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন।
বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পে নেতৃত্ব, পেশাগত উৎকর্ষ এবং দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার হাতে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান (কৃষি), চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা) (শিল্প ও সংস্কৃতি) এবং দৃক-এর প্রতিষ্ঠাতা শহীদুল আলম, যাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি দেশের আতিথেয়তা খাতে নতুন মানদণ্ড তৈরি করেছে। প্রতিষ্ঠানটির আওতায় পরিচালিত দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হ্যানসা রেসিডেন্স আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরস্কার গ্রহণ করে মো. শাখাওয়াত হোসেন বলেন, এই অর্জন তার একক নয়, বরং সহকর্মীদের সম্মিলিত পরিশ্রম ও পেশাদারিত্বের ফল। তিনি ভবিষ্যতেও বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন খাতকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে তিনি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে ‘ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া’, নেপালের হাই-এইম কনফারেন্সে ‘বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’, আমেরিকান কারি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট হসপিটালিটি আইকন’, TOAB থেকে ‘হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ড’ এবং বিআইএইচএ থেকে ‘মোস্ট অ্যাওয়ার্ডেড হোটেলিয়ার অব ২০২৪’সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন।
‘হু’স হু’ হলো বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিদের জীবনীভিত্তিক মর্যাদাপূর্ণ ডিরেক্টরি, যা দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়ে আসছে। ঢাকায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এ আয়োজন সমাজে নেতৃত্ব, উদ্ভাবন ও অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
এসআর