সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাইয়ের সহযোগিতায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ২ থেকে ৮ মে পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
‘এআই-চালিত সাংবাদিকতা: সুযোগ, ঝুঁকি এবং ডিজিটাল নিরাপত্তা’ শীর্ষক কর্মশালায় এআই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় ৭ দিনে ৭টি ব্যাচে ডিআরইউর প্রায় ১৪০ জন সদস্য অংশ নেবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সাংবাদিকতায় এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রশিক্ষণে এআই টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, প্রতিবেদন লেখা, সম্পাদনা এবং আকর্ষণীয় শিরোনাম তৈরির কৌশল শেখানো হচ্ছে। পাশাপাশি ভুয়া তথ্য, অপতথ্য ও ডিপফেইক শনাক্তকরণ, ছবি ও ভিডিও যাচাইয়ের পদ্ধতি এবং ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মশালার বিভিন্ন সেশনে আধুনিক সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার, ডেটা-নির্ভর সাংবাদিকতা, সোর্স ম্যাপিং, ডিজিটাল রিপোর্টিং টুলস, সোশ্যাল মিডিয়া স্টোরিটেলিং, গুগল ট্রেন্ডস বিশ্লেষণ, তথ্য যাচাইয়ের কৌশল এবং ভুয়া তথ্য মোকাবিলার বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করছেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এমডি সাইফুল আলম চৌধুরী।
এছাড়া কর্মশালায় এআই ব্যবহারের নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হচ্ছে। হাতে-কলমে প্র্যাকটিক্যাল সেশন ও লাইভ ডেমোর মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
৭ দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। কর্মশালা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ডব্লিউকে/এসআর